ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

হাজীগঞ্জে কুরিয়ার সার্ভিস থেকে সাড়ে ১৯ কেজি গাঁজা উদ্ধার

হাজীগঞ্জে কুরিয়ার সার্ভিস থেকে সাড়ে ১৯ কেজি গাঁজা উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে একটি কুরিয়ার সার্ভিসের পার্সেল থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৮ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় অবস্থিত এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড কুরিয়ার সার্ভিসের অফিসে একটি পার্সেল তল্লাশি করা হয়।

খবর পেয়ে পুলিশ কর্মকর্তা সৌরভ হাদী ও এসআই (নিঃ) নূরমোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। কুরিয়ার কর্তৃপক্ষ তাদের কাছে একটি বাদামি রঙের DHL লেখা বক্স দেখান। পরে পুলিশ পার্সেলটি খুলে ভেতর থেকে ৯টি প্যাকেট গাঁজা উদ্ধার করে।

উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ১৯ কেজি ৫০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা।

এ সময় পার্সেলের ভেতর থেকে আরও কিছু সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল—২ পাতা 'Oral Fresh Brush' (প্রতিটিতে ১২টি করে ব্রাশ), ২ বোতল ফুড কেয়ার ওটস, ১২টি কিচেন ক্লিনার, একটি কার্বন কপি বুকিং মেমো এবং 'মায়ের দোয়া এন্টারপ্রাইজ' এর একটি ক্যাশ মেমো।

কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, রোববার দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে এক অজ্ঞাত ব্যক্তি ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ, হাজীগঞ্জ’ নাম ব্যবহার করে পার্সেলটি বুকিং করেন। পার্সেলটির প্রাপক হিসেবে লেখা ছিল ‘পাখি স্টোর, বরিশাল’। বুকিং বাবদ ৩৫০ টাকা দিয়ে তিনি চলে যান। পরে রাতে পার্সেলটি গাড়িতে তোলার সময় ভেতরে অবৈধ কিছু থাকতে পারে বলে সন্দেহ হলে তারা থানায় খবর দেন।

পরে পুলিশ পার্সেলটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত করছেন হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) নূরমোহাম্মদ।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, “মাদক নির্মূলে পুলিশ বদ্ধপরিকর। সম্মিলিত প্রচেষ্টায় সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় আমরা কাজ করছি।”

সাড়ে ১৯ কেজি গাঁজা,কুরিয়ার সার্ভিস থেকে,হাজীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত