ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

মেরিন ড্রাইভে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

মেরিন ড্রাইভে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

কক্সবাজার মেরিন ড্রাইভের পেঁচারদ্বীপ এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে মেরিন ড্রাইভের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ করাচি পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) প্রভাকর বড়ুয়া।

নিহত নজির আহমদ (৬৫) একই এলাকার বাসিন্দা।

আটক গাড়ি চালকের নাম ও পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে না পারলেও তিনি টেকনাফের বাসিন্দা বলে জানান তিনি।

স্থানীয়দের বরাতে প্রভাকর বড়ুয়া বলেন, দুপুরে নজির আহমদ বাড়ি থেকে জুমার নামাজ আদায়ের জন্য স্থানীয় মসজিদের দিকে রওনা দেন। তিনি মেরিন ড্রাইভের পশ্চিম পাশ ধরে হেঁটে মসজিদে যাচ্ছিলেন। এক পর্যায়ে টেকনাফের দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

এসময় ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে গাড়িটিকে জব্দ ও চালককে আটক করে। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয়রা কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের এ উপ-পরিদর্শক বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় জব্দ করা গাড়ি ও চালককে আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়।

নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই প্রভাকর বড়ুয়া।

মেরিন ড্রাইভ,প্রাইভেট কার,পথচারী,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত