ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সিএনজির গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে পুড়লো পুলিশের গাড়ি

সিএনজির গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে পুড়লো পুলিশের গাড়ি

চাঁদপুর শহরের বাহিরে বাবুরহাট এলাকায় একটি সিএনজি অটোরিকশায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে পুলিশের টহল গাড়িসহ দুটি যানবাহন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৫ মার্চ) শেষ বিকেলে পুলিশের একটি টহল টিম গাড়ি নিয়ে শহরের বাইরে বাবুরহাট এলাকায় দায়িত্ব পালনে যাচ্ছিল। এ সময় গাড়িটি পুলিশ লাইনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশায় হঠাৎ গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন ধরে যায়।

পরিস্থিতি বুঝতে পেরে সিএনজি চালক ও যাত্রীরা দ্রুত চলন্ত গাড়ি থেকে নেমে পড়েন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি গিয়ে পুলিশের টহল গাড়ির সঙ্গে ধাক্কা খায়। মুহূর্তের মধ্যেই সিএনজিতে লাগা আগুন পুলিশের গাড়িতেও ছড়িয়ে পড়ে।

এ সময় পুলিশের গাড়িতে থাকা ড্রাইভার ও সদস্যরা দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হলেও আগুনে ঘটনাস্থলেই দুটি যানবাহন পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সিএনজি অটোরিকশা ও পুলিশের গাড়িটি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সিএনজি,গ্যাস সিলিন্ডার লিকেজ,আগুন,পুলিশের গাড়ি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত