ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে শহীদ পরিবারের মাঝে জামায়াতের নগদ অর্থ সহায়তা

চাঁদপুরে শহীদ পরিবারের মাঝে জামায়াতের নগদ অর্থ সহায়তা

চাঁদপুরে জুলাই বিপ্লবে শহীদ ১০ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে শহরের নিউ ট্রাক রোড দারুস্সালাম ইসলামিক সেন্টারে জেলা জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ শহীদ পরিবারের সদস্যদের হাতে তুলে দেন জেলা জামায়াতের নেতারা।

শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী।

তিনি বক্তব্যে বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে এ দেশের সব শ্রেণি-পেশার মানুষ চেষ্টা করেছে দেশকে ফ্যাসিবাদমুক্ত করার জন্য। প্রথমে রাজনৈতিক দলগুলো চেষ্টা করে না পারলেও শেষ সময়ে ছাত্রদের সঙ্গে জনতার অংশগ্রহণে আন্দোলনের মুখে শেখ হাসিনাকে বিতাড়িত করা হয় এবং তার শাসনের পতন ঘটে।

তিনি বলেন, বিপ্লবের উদ্দেশ্য ছিল দেশের মানুষ সুন্দরভাবে বসবাস করবে এবং জুলাই বিপ্লবে শহীদ পরিবার মূল্যায়িত হবে। কিন্তু নির্বাচনের পরে বিএনপির আচরণে মনে হয়, জুলাই বলতে কিছুই হয়নি। তারা এই বিপ্লবকে স্বীকার করতে চায় না। নানা ধরনের কথা বলছে। সংবিধানে নেই—হাসিনা পালিয়েছে, এটিও সংবিধানে নেই। মূলত এখন জনগণের সঙ্গে প্রতারণা হচ্ছে। এ দেশের ভবিষ্যৎ কী হবে তা স্পষ্ট নয়। তবে আমরা চাই মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে।

এই নেতা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমানুষের সংগঠন। মানবতার কল্যাণে জামায়াতে ইসলামী কাজ করে। যারা শহীদ হয়েছে, তাদের প্রয়োজনীয়তা পূরণ করার ক্ষমতা রাখে সরকার, কারণ জনগণের টাকা থাকে সরকারের কাছে। জামায়াতের কাছে ট্যাক্সের টাকা আসে না। আমাদের সংগঠনের সবার সম্মিলিত ক্ষুদ্র প্রচেষ্টায় যা হয়, তা দিয়ে মানুষের পাশে দাঁড়াতে হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান।

সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, সদরের সাবেক আমির মো. নাছির উদ্দিনসহ জেলা, সদর ও শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, জুলাই আন্দোলনে নিহত চাঁদপুর সদরের মো. সিয়াম সর্দার, আব্দুর রহমান দেওয়ান, আবুল হোসেন, সাজ্জাদ হোসেন, হাজীগঞ্জের আজাদ সরকার, কচুয়ার মো. হাসান, সামিউল আলম নুর, ফরিদগঞ্জের শাহাদাত হোসেন, মতলব দক্ষিণের গোলাম রাব্বি, মিজানুর রহমান মিলন তপদার, আব্দুল্লাহ আল তাহের, মতলব উত্তরের পারভেজ বেপারী ও সুজন খানের পরিবারকে জেলা জামায়াতের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা করা হয়।

নগদ অর্থ সহায়তা,শহীদ পরিবারের মাঝে,চাঁদপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত