
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে একুশে পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে বাসে থাকা অন্তত ১০জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
বুধবার (১৮ মার্চ) রাত ১১ টার ২০ মিনিটের দিকে জেলার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন।
তিনি বলেন, সড়ক ফাঁকা পেয়ে চালক দ্রুত গতিতে বাসটি চালাচ্ছিলেন। সৈয়দপুর এলাকায় এলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়ক বিভাজকের ওপর পড়ে। এতে কেউ মারা যাননি। কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার পর থেকে কুমিল্লা অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে টানা বৃষ্টি হয়। এতে সড়ক ভিজে যায়। রাতে ঢাকা থেকে নোয়াখালীগামী একুশে এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়ক বিভাজকের ওপর পড়ে। এতে বাসের চালক-সহযোগীসহ ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটে।