ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

এবার সৌদিরও আগে চাঁদপুরের ৭ মুসল্লির ঈদ উদযাপন

এবার সৌদিরও আগে চাঁদপুরের ৭ মুসল্লির ঈদ উদযাপন

সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুর জেলার অর্ধশতাধিক গ্রামে প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন হয়ে আসছে। তবে এ বছর ঘটেছে ব্যতিক্রম এক ঘটনা। হাজীগঞ্জ উপজেলায় মাত্র ৭ জন মুসল্লি নিয়ে আনুষ্ঠানিকভাবে দুই দিন আগেই ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। যা এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মাইকে ‘ঈদ মোবারক’ ঘোষণা দিয়ে একটি ছোট জামাতের মাধ্যমে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মাওলানা আবু বকর সিদ্দিক।

স্থানীয়ভাবে পরিচিত সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা এই নামাজে অংশ নেন। জামাতে অংশগ্রহণকারী মুসল্লি সংখ্যা ছিল মাত্র ৭ জন।

জানা যায়, মধ্যপ্রাচ্যের চেয়েও একদিন আগে ঈদ উদযাপনের এই সিদ্ধান্ত নেওয়া হয় আন্তর্জাতিকভাবে চাঁদ দেখার তথ্যের ভিত্তিতে। বিশেষ করে আফগানিস্তানসহ পশ্চিম আফ্রিকার দেশ মালি ও নাইজারে চাঁদ দেখার খবরকে কেন্দ্র করে তারা এই সিদ্ধান্তে উপনীত হন। ওই দেশগুলোর সঙ্গে মিল রেখে প্রথমবারের মতো চাঁদপুরের এই অংশে আগাম ঈদ উদযাপন করা হলো।

এ বিষয়ে মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, নাইজার, মালিসহ বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখা গেছে। ইসলাম একটি বৈশ্বিক ধর্ম, চাঁদও একটি। তাই ঈদও একই দিনে হওয়া উচিত। সেই বিশ্বাস থেকেই আমরা আজ ঈদের নামাজ আদায় করেছি।

দরবারের আরেক অনুসারী ইয়াহিয়া চৌধুরী জানান, আমাদের মধ্যে কিছুটা বিভ্রান্তি ছিল। যারা নামাজ আদায় করেছে, তারা চাঁদ দেখার তথ্যকে গ্রহণযোগ্য মনে করেছে। কিন্তু আমরা যাচাই-বাছাই করে দেখেছি, আফগানিস্তানে ওই সময় চাঁদ দেখার সম্ভাবনা ছিল না। তাই আমরা সেটি গ্রহণ করিনি।

প্রসঙ্গত, বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখার উপর ভিত্তিতে আগাম রোজা ও ঈদ উদযাপনের প্রচলন শুরু হয় চাঁদপুরে। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের অনুসারীরা ১৯২৮ সাল থেকে দীর্ঘ ৯৮ বছর থেকে রোজা ও ঈদ উযাপন করে আসছে। এরপর এমন আগাম ঈদের প্রসার ঘটে জেলার অর্ধশত গ্রামসহ দেশের বিভিন্ন এলাকায়। শুরুর দিকে এ নিয়ে মতবিরোধ ও স্থানীয়ভাবে উত্তেজনা দেখা দিলেও এখন স্বাভাবিকভাবেই চলে উৎসব আয়োজন।

সৌদি,চাঁদপুর,মুসল্লি,ঈদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত