
মালয়েশিয়া থেকে প্রায় ৩০ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ট্যাংকার জাহাজ ‘পিভিটি সোলানা’। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি ডিজেল নিয়ে আসা অষ্টম জাহাজ।
জাহাজটি মঙ্গলবার (৩১ মার্চ) চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।
তিনি জানান, গ্যাস অয়েল নিয়ে আসা ‘পিভিটি সোলানা’ ছাড়াও এলপিজি নিয়ে আরও দুটি জাহাজ বহির্নোঙরে পৌঁছেছে। এলএনজি ও এলপিজির দুটি জাহাজ আসার পথে রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর একজন কর্মকর্তা জানান, ‘পিভিটি সোলানা’ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাংকরেজ থেকে লাইটারিং বা সরাসরি পতেঙ্গার ডলফিন জেটিতে এনে তেল খালাসের প্রক্রিয়া চলছে। কয়েক দিনের মধ্যে আরেকটি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে পৌঁছাবে।