
জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ২৬৯টি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের নেতৃত্বাধীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অভিযানে ৬ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রাম নগরের বায়েজিদ ও খুলশী থানা এলাকায় জেলা প্রশাসন, র্যাব, সিএমপি এবং বিএসটিআইয়ের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার।
এছাড়া জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, কোস্টগার্ড সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে প্রায় ৭৫ হাজার ৮২৪ লিটার তেল জব্দ করা হয়। অবৈধ মজুত ও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির বিরুদ্ধে এই অভিযান জোরদার করার কথা জানান চট্টগ্রাম জেলা প্রশাসক।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় এনেছি। অবৈধ মজুত ও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির বিরুদ্ধে এই অভিযান আরও জোরদার করা হবে। এদিকে অবৈধভাবে ভোজ্য তেল মজুতকারীদের বিরুদ্ধেও অভিযান চলমান রেখেছে প্রশাসন।
জানা গেছে, চট্টগ্রামের বায়েজিদ থানাধীন গুলবাগ আবাসিক এলাকার আমানত প্যাকেজিং এন্ড মার্কেটিং নামক একটি প্রতিষ্ঠান কর্তৃক বিএসটিআই থেকে সিএম সনদ গ্রহণ ছাড়া ফর্টিফাইড সয়াবিন তেল পণ্য বোতলজাতকরণ এবং পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহার করে বাজারজাত করছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিতে মজুত প্রায় ১ হাজার ৪২ লিটার ভোজ্যতেল, প্রায় ১০ হাজার পিস পণ্যের মোড়ক এবং বেশকিছু খালি বোতল জব্দ করে সংশ্লিষ্ট থানার জিম্মায় দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। পরে খুলশী থানা এলাকায় দুইটি প্রতিষ্ঠানে খাদ্যপণ্য মজুতের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া প্রায় ৫০ ড্রাম (প্রতি ড্রাম ২০০ লিটার) ফর্টিফায়েড সয়াবিন তেল মজুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে ড্রামজাত ফর্টিফায়েড সয়াবিন তেল মজুতের অভিযোগে দুটি প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।