ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

কোম্পানীগঞ্জে ট্রাক্টর চাপায় ব্যবসায়ী নিহত

কোম্পানীগঞ্জে ট্রাক্টর চাপায় ব্যবসায়ী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক্টর চাপায় আবু তাহের ওরফে জাহাঙ্গীর (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের জোরালগঞ্জ সড়কের বাগধারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মুছাপুর গ্রামের বাসিন্দা। তিনি মতিন মাঝি বাড়ির আবুল হাসেমের ছেলে এবং স্থানীয় চৌধুরীহাট বাজারের একজন চা দোকানদার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক কাজে মোটরসাইকেল নিয়ে স্থানীয় মৌলভী বাজারের উদ্দেশ্যে বের হন জাহাঙ্গীর। যাত্রা পথে উপজেলার মুছাপুর ইউনিয়নের জোরালগঞ্জ সড়কের বাগধারা বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে পাশ থেকে চাপা দেয়। ওই সময় ট্রাক্টরের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে জাহাঙ্গীর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কোম্পানীগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) মো.নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী,কোম্পানীগঞ্জ,নিহত,সড়ক দুর্ঘটনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত