
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে ৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে হাতিয়া কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা। বুধবার বিকেলে উপজেলার চর ঈশ্বর বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড স্টেশন কর্তৃপক্ষ জানান, লে. আবুল কাশেম বলেন, কোনো প্রকার কাগজপত্র ব্যতীত অবৈধভাবে তেল মজুদ করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে বৈধ কাগজপত্র ব্যতীত মজুত ও বিক্রয়ের দায়ে ২ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
একই সঙ্গে জব্দকৃত জ্বালানি তেল লাইসেন্সকৃত ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম জানান, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।