
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সঙ্গে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, গবেষণা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে বিভিন্ন পরামর্শভিত্তিক ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উপাচার্য সকল শিক্ষকদের শুভেচ্ছা ও স্বাগত জানান।
তিনি বলেন, আমি আপনাদেরই একজন। দীর্ঘ প্রায় ৩৪ বছর শিক্ষকতা করেছি। এজন্য আমি বুঝতে পারি কোন কোন জায়গাগুলোতে আমাদের সমস্যা রয়েছে এবং পরিবর্তন আনা প্রয়োজন। আজকে আমার অভিজ্ঞতা বিনিময় করতে চাই।
তিনি আরও বলেন, আগামী ৩ মে থেকে চবিতে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলামে সেমিস্টার পদ্ধতিতে পাঠদান শুরু হবে। এজন্য শিক্ষকদের ক্লাসে মনোযোগী হতে হবে। সময় মতো ক্লাস নেওয়া, পরীক্ষা নেওয়া, সময়ের মধ্যে খাতা কেটে শেষ করা এবং ফলাফল প্রকাশসহ যাবতীয় কার্যক্রমে যত্নবান হওয়া প্রয়োজন। সেশনজট শূন্যে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের সর্বোচ্চ সহযোগিতা প্রয়োজন। গবেষণায় পুরোদমে মনোযোগী হতে হবে এবং শিক্ষার্থীদেরও গবেষণায় উদ্বুদ্ধ করতে হবে।
উপাচার্য বলেন, নিজের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। সব সময় নিজ বিভাগ তথা বিশ্ববিদ্যালয়কে ধারণ করতে হবে, তাহলেই সম্মিলিত সহযোগিতায় বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষকদের সহযোগিতা কামনা করেন। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সমাজবিজ্ঞান অনুষদের উপস্থিত শিক্ষকরা নবনিযুক্ত উপাচার্যকে অভিনন্দন ও শুভ কামনা জানান। পাশাপাশি এমন সভা আয়োজনের জন্য ধন্যবাদ জানান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন তারা।
চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম-এর সঞ্চালনায় উপস্থিত শিক্ষকবৃন্দ বিভিন্ন মতামত, পরামর্শ এবং বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী।