
বোয়ালখালীর একটি গ্রাম্য বাড়িতে মুরগির ঘরে ঢুকে পড়া একটি মেছো বাঘ আটক করেছে স্থানীয়রা। পরে মেছো বাঘটিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়।
রোববার (১২ এপ্রিল) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. মহিউদ্দিন জানান, সন্ধ্যার পরপরই মুরগির ঘরে একটি মেছো বাঘ ঢুকে পড়ে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা সেটি টের পেয়ে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখে।
এ বিষয়ে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন, বিষয়টি জানার পর বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তরের কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘটি উদ্ধার (রেসকিউ) করতে বলা হয়েছে। তারা ঘটনাস্থলে যাচ্ছেন।
উল্লেখ্য, মেছো বাঘ (Fishing Cat) বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণীর মধ্যে একটি, যা সাধারণত জলাভূমি ও নিচু বনের আশপাশে বিচরণ করে।