
চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৫ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় মাছ ধরার তিনটি নৌকা ও পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।
কারাদণ্ড প্রাপ্ত জেলেরা হলেন— চাঁদপুর সদরের হযরত আলী, শুভ পাটওয়ারী, জয়নাল আবেদীন, মেছের উদ্দিন ও মতলব উত্তরের আবদুল। এদের মধ্যে আবদুলকে ১৫ দিনের সাজা দেওয়া হয়। বাকি চারজনের সাতদিন করে সাজা দেওয়া হয়।
রাতে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
তিনি বলেন, দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেঘনা নদীর আনন্দ বাজার, শফরমালী, রাজরাজেশ্বর, মিনি কক্সবাজার, চরমুকুন্দী ও বহরিয়া সংলগ্ন মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
যৌথ অভিযানে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী, কোস্টগার্ড ও নৌ পুলিশ অংশগ্রহণ করে।
এসময় রাজরাজেশ্বর ইউনিয়নের গাজীরটেক ও চরমুকুন্দী সংলগ্ন মেঘনা নদী থেকে তিনটি নৌকাসহ পাঁচজন অসাধু জেলেকে আটক করা হয় এবং জব্দ করা হয় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল।
আটক জেলেদের কোস্টগার্ড স্টেশনে এনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী। একজন জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।
এছাড়া জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং নৌকা কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।