ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

পটিয়ায় খাল থেকে হাসিনার মরদেহ উদ্ধার

পটিয়ায় খাল থেকে হাসিনার মরদেহ উদ্ধার

চট্টগ্রামের পটিয়া উপজেলায় খাল থেকে উদ্ধার হওয়া এক নারীর লাশের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত হাসিনা আক্তার (৩২) একজন প্রবাসীর স্ত্রী—এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ ও স্বজনরা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৬টার দিকে জিরি ইউনিয়নের কৈয়গ্রাম ৩ নম্বর ওয়ার্ডের শিকলবাহা খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা খালে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারী পুলিশ সদস্য ও স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর লাশটি খালে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে এবং সেখান থেকে ভেসে এসে এ স্থানে পৌঁছায়।

নিহত হাসিনা আক্তার কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং এলাকার বাসিন্দা মফিজুর রহমানের মেয়ে। তিনি গত ৬ এপ্রিল চট্টগ্রাম শহর থেকে নিখোঁজ হন। দুই সন্তানের জননী হাসিনার স্বামী মোহাম্মদ হাসান ওমানে প্রবাসে আছেন। তাদের দুই ছেলে চকরিয়ার একটি মাদ্রাসায় পড়াশোনা করছে।

নিহতের চাচাত ভাই মোহাম্মদ রফিক জানান, চিকিৎসার জন্য শহরে যাওয়ার পর থেকেই হাসিনা নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। পরে পটিয়ায় উদ্ধার হওয়া মরদেহ দেখে স্বজনরা তাকে শনাক্ত করেন।

পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মরদেহ উদ্ধার,হাসিনা,খাল থেকে,পটিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত