ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

রাঙামাটিতে গুলিতে ইউপিডিএফ নেতা নিহত, আহত ২ বোন

রাঙামাটিতে গুলিতে ইউপিডিএফ নেতা নিহত, আহত ২ বোন

রাঙামাটির কুতুকছড়ি এলাকায় সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নেতা ধর্মশিং চাকমা নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই বোন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে কুতুকছড়ি আবাসিক এলাকার উপরপাড়ায় এ ঘটনা ঘটে। আহত দুই নারী হলেন ভাগ্যশোভা চাকমা ও কৃপাসোনা চাকমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে অবস্থানকালে একদল সশস্ত্র ব্যক্তি ধর্মশিং চাকমার ওপর হামলা চালায়। তিনি প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন।

হামলার সময় তিনি পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার দুই বোনও গুলিবিদ্ধ হন।

কুতুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কানন চাকমা জানান, ২০ থেকে ৩০ জন অস্ত্রধারী লোকজন ঘটনাস্থলে আসে। তাদের দেখে ধর্মশিং চাকমা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে গুলি করা হয়।

ইউপিডিএফের মুখপাত্র অং মারমা দাবি করেন, জেএসএস (সন্তু লারমা)-এর সশস্ত্র সদস্যরা এ হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে জেএসএসের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার প্রতিবাদে কুতুকছড়িতে অবরোধ কর্মসূচি পালন করছে ইউপিডিএফ এবং প্রতিবাদ সভার ঘোষণা দিয়েছে সংগঠনটি। পাশাপাশি রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভও করা হচ্ছে।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, গুলিবিদ্ধ দুই নারীকে সকালে হাসপাতালে আনা হয়েছিল। তারা চিকিৎসা নিয়ে পরে চলে গেছেন।

রাঙামাটি কোতোয়ালী থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। মরদেহ উদ্ধারের পর বিস্তারিত জানানো হবে।

আহত ২ বোন,ইউপিডিএফ নেতা নিহত,রাঙামাটি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত