ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

নিখোঁজের পর পুকুরে মিললো ২ শিশুর মরদেহ

নিখোঁজের পর পুকুরে মিললো ২ শিশুর মরদেহ

চাঁদপুর সদর উপজেলায় নিখোঁজ দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছেন স্বজনরা।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৩টায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নে বাড়ির পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে।

এর আগে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার পর ওই দুই শিশু খেলার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হয়।

মৃত দুই শিশু হল— বিষ্ণপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাসাদী গাজী বাড়ির মোহাম্মদ হাসানের ছেলে আব্দুল আহাদ (৭) এবং মাদারীপুর জেলার সাগর হোসেনের ছেলে জুনায়েদ হোসেন (৯)।

স্বজনরা জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার পরে নিহত দুই শিশু খেলার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। এরপর আর তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। পরে পরিবারের লোকজন দিনভর সম্ভাব্য সকল জায়গায় অনেক খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বাড়ির পুকুরে একজন শিশুর নিথর দেহ ভেসে ওঠে। এর কিছুক্ষণ পর অপর শিশুর মরদেহটিও ভেসে উঠতে দেখা যায়।

নিহত শিশুদের পরিবারের ধারণা, পুকুরের পাড়ে ছোট্ট একটি নৌকা ছিল। শিশুরা হয়ত ঐ নৌকায় উঠতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে আর ফিরে উঠতে পারেনি। পরে বিষয়টি চাঁদপুর মডেল থানা পুলিশকে অবগত করলে অনুমতি সাপেক্ষে আব্দুল আহাদকে বিষ্ণপুর এবং জুনায়েদ হোসেনকে মাদারীপুর নিজ বাড়িতে দাফন করা হয়।

এলাকাবাসী জানায়, নিহত শিশু জুনায়েদ হোসেনকে নিয়ে তার পরিবার এই বাড়িতে বাসা ভাড়া থাকতো। সে নিহত অপর শিশু আব্দুল আহাদের পার্শ্ববর্তী এক চাচীর বোনের ছেলে। একসঙ্গে দুই শিশুর এমন মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিখোঁজ,পুকুর,শিশুর মরদেহ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত