
সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. আলমাছ সরদার ফরিদ (২৪) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। মর্মান্তিক এ ঘটনার ২০ দিন পর এ মৃত্যুর খবর জানতে পারে তার পরিবার।
নিহত ফরিদ ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বালিথুবা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় সাংবাদিক আবু তালেব সরদারের ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান ফরিদ। গত ২৪ মার্চ থেকে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দীর্ঘদিন খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সৌদি আরব থেকে ফোনে তার মৃত্যুর খবর জানানো হয়। জানা যায়, ২৪ মার্চ রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
শোকাহত বাবা আবু তালেব সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার ছেলে সৌদি আরবে একটি কফি হাউজে কাজ করতেন এবং পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়েই বিদেশে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ এমন দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছে। তিনি ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেন্টু কুমার বড়ুয়া বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।