ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

চাঁদপুরের মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব।

তিনি বলেন, মাদক কেবল একজন মানুষের জীবনকেই বিপর্যস্ত করে না, এটি একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও বড় হুমকি।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অভিভাবকদের প্রতি সন্তানের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পারিবারিক সচেতনতা ও সঠিক দিকনির্দেশনা থাকলে মাদকাসক্তি অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত তদারকি ও পরামর্শের মাধ্যমে সঠিক পথে পরিচালিত করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সরকার মাদক নির্মূলে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করছে উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। দেশের উন্নয়ন ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষায় মাদকের বিরুদ্ধে চলমান লড়াই অব্যাহত রাখতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী এবং জেলা বিএনপি নেতা আলমগীর সরকার।

এ সময় উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা,মাদকবিরোধী র‌্যালি,মতলব উত্তর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত