
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর স্থাপত্য বিভাগের উদ্যোগে আয়োজিত প্রজেক্ট প্রদর্শনী উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন—৫ এর টেরেস প্রাঙ্গণে আয়োজিত প্রদর্শনী উদ্বোধন করেন চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান।
এতে স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চৌধুরীসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রদর্শনীর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক সারা বিনতে হক এবং ২৩ ব্যাচের কোর্স কো—অর্ডিনেটর ও স্থাপত্য বিভাগের প্রভাষক সাদিয়া ইবনাত রাইছা।
প্রদর্শনীতে অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান বলেন, এ ধরনের স্থাপত্য প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের কাজকে বৃহত্তর দর্শকের সামনে তুলে ধরা সম্ভব হবে, যা তাদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও পেশাগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চৌধুরী বলেন, শিক্ষার্থীরা অত্যন্ত নিষ্ঠা, পরিশ্রম ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তাদের প্রজেক্ট সম্পন্ন করেছে, যা বিভাগের ক্রমাগত অগ্রগতির প্রতিফলন। তিনি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এবং বহুমাত্রিক উপস্থাপনার মাধ্যমে এ ধরনের প্রদর্শনীর আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রদর্শনীতে লেভেল—২ টার্ম—১ এর শিক্ষার্থীরা তাদের সেশনাল কোর্সের আওতায় সম্পন্ন করা বিভিন্ন সৃজনশীল প্রজেক্ট উপস্থাপন করেন। শিক্ষার্থীদের নকশা, উপস্থাপনা ও ধারণার বৈচিত্র্যের প্রদর্শনীটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়। এই প্রদর্শনী শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে এবং স্থাপত্য শিক্ষা ও চর্চাকে আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা যাচ্ছে।