
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজার দা’য়ের আঘাতে বকুল বেগম (৫৬) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বকুল বেগম ওই গ্রামের মৃত ইলিয়াছ মিয়ার স্ত্রী। আহতরা হলেন—তার মেয়ের জামাই অজুদ মিয়া (৩৫), সাঈদুল ইসলাম (১৮) ও আমিনুল ইসলাম (১৬)। গুরুতর অবস্থায় আমিনুল ইসলাম ও অজুদ মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক দ্বন্দ্বের জেরে হেলিম মিয়া তার ভাইয়ের ঘরে ঢুকে ভাতিজা সাঈদুল ও আমিনুলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। প্রাণ বাঁচাতে তারা দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নিলে হামলাকারী সেখানে গিয়ে আবারও এলোপাতাড়ি আঘাত করে। এতে বকুল বেগমসহ চারজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বকুল বেগমকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটে। অভিযুক্ত হেলিম মিয়া একই গ্রামের আশিক মিয়ার ছেলে। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।