
কক্সবাজার শহরের কাছাকাছি কলাতলি বনবিটের রক্ষিত বনভূমি সুখনাচড়ি এলাকায় গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ করেছে বনবিভাগ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কলাতলী বিট কর্মকর্তা ক্যাচিং মারমার নেতৃত্বে অভিযান চালিয়ে ৬টি নতুন দোকান উচ্ছেদ করা হয়েছে।
বন বিভাগ ও স্থানীয় সূত্র মতে, একশ্রেনীর দখলবাজ চক্র কক্সবাজার দক্ষিণ বনবিভাগ কক্সবাজার রেঞ্জের কলাতলি বিটে রক্ষিত বনভূমি ঝিলংজা মৌজায় মেরিন ড্রাইভ সংলগ্ন সুখনাচড়িতে ৬টি নতুন দোকান গড়ে তোলে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালায় বনবিভাগ। এ সময় নবনির্মিত ৬ দোকান উচ্ছেদ করে ৩০ শতক জমি দখলমুক্ত করা হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে কলাতলী বিট কর্মকর্তা ক্যাচিং মারমা জানিয়েছেন, দখলবাজ চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
অভিযানে আরও অংশ নেন অন্যান্য বিটের বিট কর্মকর্তা ও স্টাফরা।