ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

মিরসরাইয়ে হামলায় আহত ছাত্রদল নেতা হৃদয়ের মৃত্যু

মিরসরাইয়ে হামলায় আহত ছাত্রদল নেতা হৃদয়ের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে ভারতীয় সীমান্ত দিয়ে আসা গরু ব্যবসায়ীদের হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

শাহরিয়ার আহমেদ হৃদয় মিরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কয়লা এলাকায় বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল রাতে করেরহাট ইউনিয়নের কয়লা বাজার এলাকায় অবৈধভাবে আনা একটি গরুবাহী ট্রাক আটক করেন স্থানীয়রা। ওই গরুগুলো বদ্ধভবানী এলাকার বিএনপি নেতা মো. টিপু ও আব্দুর রহিমের বলে জানা যায়।

পরে শাহরিয়ার আহমেদ হৃদয় ও আনোয়ার হোসেন ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। আহত অবস্থায় প্রথমে তাদের বারইয়ারহাট বিএম হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পাঁচ দিন আইসিইউতে থাকার পর বৃহস্পতিবার দুপুরে হৃদয়ের মৃত্যু হয়।

এ ঘটনায় বুধবার (২২ এপ্রিল) হৃদয়ের বাবা আব্দুল আলিম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

হৃদয়ের বাবা আব্দুল আলিম অভিযোগ করে বলেন, অবৈধ গরু ব্যবসায়ী টিপু ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করেছে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল বলেন, নিহত হৃদয় করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং সন্ত্রাসী হামলায় তিনি নিহত হয়েছেন। জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, সংঘর্ষে আহত এক ছাত্রদল নেতা হাসপাতালে মারা গেছেন। তার বাবার করা মামলার ভিত্তিতে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

এছাড়া মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় সড়ক অবরোধ হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হৃদয়ের মৃত্যু,আহত ছাত্রদল নেতা,মিরসরাইয়ে হামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত