ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ব্রাহ্মণবাড়িয়া

দেয়াল ধসে মৃত্যুর ঘটনায় সালিশ চলাকালে ফের দেয়াল ধস

দেয়াল ধসে মৃত্যুর ঘটনায় সালিশ চলাকালে ফের দেয়াল ধস

ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ সভা চলাকালে বিদ্যালয়ের দেয়াল ধসে পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় হুমায়ুন কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় এ ঘটনা ঘটে। দেয়াল ধসে মৃত্যুর ঘটনা নিয়ে সালিশ সভাটি চলছিল।

আহতরা হলেন— সাবেক কাউন্সিলর মো.আহসান উল্লাহ হাসান (৫৮), আঁখি (১৯) ও তুর্য দাস (১৩)। জেলা সদর হাসপাতালে তারা চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে হাসানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত বছরের শেষ দিকে শহরের পাইকপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে লোহার ফ্রেম পাশের টিনের চালার বাড়ির উপর পড়ে ঘরে প্রবেশ করে। এতে সুব্রত দাস নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়। পরে আহত ওই ব্যক্তি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। একে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহতের স্বজনদের নিয়ে সালিশ সভা চলছিল। এ সময় হঠাৎ হুমায়ুন কবির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রেলিং এর দেয়াল ধসে পড়ে। এ ঘটনায় আহত তুর্য আগে মারা যাওয়া সুব্রত দাসের ছেলে।

সালিশ সভায় উপস্থিত জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মো. জহিরুল হক জানান, বিদ্যালয় মাঠে সভা চলছিল। সভা চলাকালে বিদ্যালয় ভবনের উপরের দিকের রেলিংয়ের দেয়াল ভেঙে পড়ে। এতে পূর্ব-উত্তর কোণে বসে থাকা তিনজন আহত হন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া,দেয়াল ধসে মৃত্যু,সালিশ,দেয়াল ধস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত