ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

লংগদুতে অসুস্থ হাতির মৃত্যু, পাশে দাঁড়িয়ে শোকে কাতর হস্তিনী

লংগদুতে অসুস্থ হাতির মৃত্যু, পাশে দাঁড়িয়ে শোকে কাতর হস্তিনী

রাঙামাটির দুর্গম উপজেলা লংগদুতে এক আবেগঘন ও বিরল ঘটনার সাক্ষী হয়েছেন স্থানীয়রা। উপজেলার ভাসাম্যাদম এলাকায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর একটি পুরুষ হাতির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর পরও পুরুষ সঙ্গীটির পাশ ছাড়ছে না সাথে থাকা হস্তিনীটি।

রোববার (২৬ এপ্রিল) সকালে পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত হাতিটি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিল। গত ১০ এপ্রিল থেকে বন বিভাগের পক্ষ থেকে হাতিটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছিল। রোববার সকালে ইআরটি (এলিফ্যান্ট রেসপন্স টিম) সদস্যরা হাতিটিকে খাবারের মাধ্যমে ওষুধ খাওয়ানোর জন্য ঘটনাস্থলে পৌঁছালে সেটিকে মৃত অবস্থায় দেখতে পান।

এদিকে স্থানীয়রা জানান, পুরুষ হাতিটির মৃত্যুর পর থেকেই হস্তিনীটি অত্যন্ত কাতর হয়ে মৃতদেহের পাশে দাঁড়িয়ে রয়েছে। সঙ্গীর নিথর দেহ ছেড়ে সে কোথাও যাচ্ছে না। বন্য প্রাণের এমন অকৃত্রিম সঙ্গী প্রীতি দেখে উপস্থিত এলাকাবাসীর মনে এক বিষণ্ন ও স্পর্শকাতর অনুভূতির সৃষ্টি হয়েছে।

পাবলাখালী বন বিভাগ সূত্রে জানা গেছে, হাতিটির মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়না তদন্তের প্রস্তুতি চলছে। তবে হস্তিনীটি পাশে অবস্থান করায় প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বন বিভাগ ও ইআরটি সদস্যরা কাজ করছেন।

পার্বত্য এই জনপদে বন্য হাতির এমন মৃত্যু এবং সঙ্গী হাতির এই করুণ আকুতি প্রকৃতির এক বিরল ও শোকাবহ অধ্যায় হয়ে দাঁড়িয়েছে।

লংগদু,হাতির মৃত্যু,শোক,হস্তিনী,রাঙামাটি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত