
দেশের স্বাধীনতা সংগ্রামে ১৯৭১ সালের ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিরোধ যুদ্ধের অন্যতম সৈনিক অধ্যাপক লৎফর রহমান স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভায় অধ্যাপক লৎফর রহমানের ওপর লেখা স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের এলটি হল রুমে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ও সাহিত্য একাডেমির যৌথ আয়োজিত এই স্মরণসভা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ.জেড.এম. আরিফ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবু সাঈদ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির প্রাবন্ধিক ও গবেষক মামুন সিদ্দিকী।
ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমিন ও নুশরাত জাহান বুশরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি ও সাংবাদিক জয়দুল হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক ইব্রাহিম খান সাদাত, শহীদ বুদ্ধিজীবী লুৎফর রহমানের পরিবারের সদস্য এডভোকেট মো. আহম্মাদুন নবী রানার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. শামসুল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ব্রাহ্মণবাড়িয়ার যুদ্ধে অধ্যাপক লুৎফর রহমানের অবদান ইতিহাসে অনন্য হয়ে থাকবে। হানাদার বাহিনী কুরুলিয়া খালের পাশে অবস্থিত বধ্যভূমিতে তাকে হত্যা করে। তাই তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে তারা উল্লেখ করেন।