
দীর্ঘ সাত বছরের প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফেরার কথা ছিল তৌহিদুল ইসলাম বাবুর। জেদ্দা শহরে একটি নির্মাণাধীন ভবনে কাজ চলাকালীন হঠাৎ একটি দেয়াল তার শরীরের ওপর ধসে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় (সৌদি সময় বিকেল সাড়ে ৫টায়) এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবু চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামের বাসিন্দার মৃত আবু তৈয়বের পুত্র বলে জানা গেছে। দেশে ফেরার বদলে এখন তার নিথর দেহের অপেক্ষায় প্রহর গুনছে পরিবার।
নিহতের ভাই জাহেদ হোসেন বাবলু জানান, বাবু জেদ্দা শহরে একটি নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ২৮ এপ্রিল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় (সৌদি সময় বিকেল সাড়ে ৫টায়) কাজ চলাকালীন হঠাৎ একটি দেয়াল তার শরীরের ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবে অবস্থানরত তাদের চাচা ও মামা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
আগামী ১৫ মে বাবুর দেশে ফেরার কথা ছিল। সাত বছর ধরে প্রবাসে হাড়ভাঙা খাটুনির পর এবার দেশে ফিরে তার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। কিন্তু মর্মান্তিক এই মৃত্যুতে পরিবারের সব আনন্দ ও স্বপ্ন চিরতরে ভেঙে গেছে। সাত মাস আগে বাবা আবু তৈয়বকে হারানোর পর এবার বাবুকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা।
বাবুর মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে বলে জানান জাহেদ হোসেন বাবলু।
পটিয়া হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম এই মর্মান্তিক ঘটনার বিষয়ে গভীর শোক প্রকাশ করেন। তিনি জানান, তৌহিদুল ইসলাম বাবুর বাবা আবু তৈয়ব মাত্র সাত মাস আগে মারা গেছেন। এত অল্প সময়ের ব্যবধানে বাবা আবু তৈয়বকে হারানোর পর এবার ছেলে বাবুকে হারিয়ে পরিবারটি একেবারে বাকরুদ্ধ ও শোকে পাথর হয়ে গেছে।