
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের উদ্যোগে নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও সাধারণ শিক্ষা সফর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় চবি বোটানিক্যাল গার্ডেন প্রাঙ্গণে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. এম. আবদুল গফুর ও প্রফেসর ড. মো. আতিকুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী মোহাম্মদ মেজবাউল আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানান।
তিনি বলেন, আমি উদ্ভিদবিজ্ঞান বিভাগের একজন সাবেক শিক্ষার্থী এবং আমার কর্মজীবন শুরু হয়েছিল এ বিভাগের শিক্ষকতার মাধ্যমে। এ বিভাগের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে।
তিনি উদ্ভিদবিজ্ঞান বিভাগের গৌরবময় ইতিহাস তুলে ধরে স্মৃতিচারণ করেন। বিভাগের তৎকালীন শিক্ষকদের অবদান তুলে ধরেন উপাচার্য। উপাচার্য তার পিএইচডি ডিগ্রি অর্জন এবং চবিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের পথচলা সম্পর্কে আলোচনা করেন।
উপাচার্য বলেন, বর্তমান সময়ে শিক্ষক-শিক্ষক, শিক্ষার্থী-শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। আগের মতো সেই সুসম্পর্ক, হৃদ্যতার সম্পর্ক নেই। তিনি সবাইকে আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান।
উপাচার্য নবীনদের অভিনন্দন জানান এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভ কামনা জানান। সবাইকে ধন্যবাদ জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন সেশনে ওবিই কারিকুলামে সেমিস্টার পদ্ধতিতে পাঠদান শুরু হবে আগামী ৩ মে থেকে। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বৈপ্লবিক ঘটনা।
নতুন কারিকুলামে পাঠদানের ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীর সহযোগিতা কামনা করেন তিনি। নবীন শিক্ষার্থীদের তিনি অভিনন্দন জানান।
তিনি বলেন, প্রতিযোগিতার মধ্য দিয়ে তোমরা এ জায়গায় এসেছো, সেজন্য কাঙ্ক্ষিত ফলাফল তোমাদের অর্জন করতে হবে।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে সর্বদা নৈতিকতা ও নিষ্ঠার পরিচয় দিতে হবে। মনে রাখতে হবে, তোমরা এ বিভাগের এম্বাসাডর, তোমাদের সাথে এ বিভাগের তথা বিশ্ববিদ্যালয়ের সম্মান জড়িয়ে আছে।
বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, উদ্ভিদবিজ্ঞান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি বিভাগ। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ বিভাগের অবদান রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে রূপ দেওয়ার ক্ষেত্রেও এ বিভাগের ভূমিকা রয়েছে।
তিনি শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভ কামনা জানান। তিনি বলেন, নিজেকে যোগ্য করে গড়ে তোলো। আগামী দিনে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে সমৃদ্ধ করো। তোমাদের মাধ্যমে এ বিভাগের সুনাম বৃদ্ধি পাবে। সবাইকে ধন্যবাদ জানান তিনি।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. কাজী মোহাম্মদ মেজবাউল আলম সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা রুমঝুম ভূঁইয়া। অনুষ্ঠানে বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভাগের তিনজন বিদায়ী কর্মকর্তা-কর্মচারীকে উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপাচার্যসহ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাধারণ শিক্ষা সফরের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।