
বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কয়েকটি শাখায় তালা দিয়েছে ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন।
সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে কয়েকশ আমানতকারী মিছিল নিয়ে এসে প্রথমে এক্সিম ব্যাংকে তালা দেন।
এ সময় তারা ‘আমার টাকা ব্যাংকে, আমি কেন রাস্তায়’, ‘তুমি কে আমি কে, আমানতকারী আমানতকারী’, ‘হেয়ার কাট হেয়ার কাট, মানি না মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান দেন। পরে বিক্ষোভ মিছিল করেন আমানতকারীরা। এ সময় ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ ছিল।
গ্লোবাল ইসলামী ব্যাংক জুবিলী রোড শাখার আমানতকারী জয়া চৌধুরী বলেন, আমি হেয়ার কাট মানি না। আমাদের টাকা ফেরত দেন।
অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, আমার প্রায় এক কোটি টাকা জমা ফাস্ট সিকিউরিটি ব্যাংকে। এখন পথের ভিখারি হয়ে গেলাম।
আন্দোলনকারীরা জানান, নিয়ম অনুযায়ী তারা সরকারের বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি দিয়েছেন। এখন শাখায় শাখায় তালা ঝোলানো কর্মসূচি চলছে। সামনে বড় কর্মসূচি আসবে।