ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

জেলায় এক মাসে মৃত্যু ১৩
কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৯ মার্চ থেকে এই পর্যন্ত ১ মাস ৬ দিনে জেলায় এক রোহিঙ্গাসহ মোট ১৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে বর্তমানে কক্সবাজারের ৭ টি হাসপাতালে ১৪৭ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকার তথ্য জানিয়েছে কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়।

সোমবার (৪ মে) দুপুরে কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে, নতুন করে মৃত্যু হওয়া ২ শিশুই রামু উপজেলার। ২ জনই কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এর মধ্যে মিজানুর রহমানের ৮ মাস বয়সী ছেলে আতিকুর রহমানকে রোববার রাত ১টায় হাসপাতালে আনা হয়। পরে সকাল ৮টার দিকে শিশুটি মারা যায়। অপর শিশু জাবেদের ৬ মাস বয়সী কন্যা ওয়াজিফাকে গত ২৪ এপ্রিল বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোববার রাত ৯টার দিকে ওয়াজিফা মারা যায়।

এ নিয়ে ২৯ মার্চ থেকে এই পর্যন্ত ১ মাস ৬ দিনে কক্সবাজার জেলায় এক রোহিঙ্গা সহ মোট ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রামু উপজেলায় ৬ জন, কক্সবাজার সদর উপজেলা ২ জন, কক্সবাজার পৌরসভা, মহেশখালী, কুতুবদিয়া ও উখিয়ায় ১ জন করে ৪ জনের মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য মতে, গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ জন এবং ছাড়পত্র নিয়েছে ৩৭ জন। জেলার ৭ হাসপাতালে ভর্তি রয়েছে ১৪৭ জন শিশু। যেখানে কক্সবাজার সদর হাসপাতালে ৭৯ জন, চকরিয়ায় ১৭ জন, পেকুয়ায় ৫ জন, উখিয়ায় ১৫ জন, টেকনাফে ৮ জন, রামুতে ৭ জন ও মহেশখালীতে ১৬ জন ভর্তি রয়েছে। গত ২৯ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৩৯৯ জন।

কক্সবাজার,হাম,শিশুর মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত