
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার। দেশের কৃষি উৎপাদন আরও বাড়ানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের পর আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বাংলাদেশে উর্বর জমির অভাব নেই। সময়মতো সেচের ব্যবস্থা করা গেলে কৃষকরা আরও ভালো ফসল উৎপাদন করতে পারবেন। খাল পুনঃখননের মাধ্যমে কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং তাদের জীবনমান উন্নত হবে। কৃষকের উন্নয়ন হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন তিনি।
ফ্যামিলি কার্ড কর্মসূচির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগেই এ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই কর্মসূচির মাধ্যমে নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ফ্যামিলি কার্ডের আওতায় একজন মা প্রতি মাসে আড়াই হাজার টাকা পাবেন, যা সন্তানদের পরিচর্যা ও স্বাস্থ্যসেবায় ব্যয় করা যাবে। অন্তর্বর্তী সরকারের বাজেট থেকে এ সুবিধা দেওয়া হচ্ছে এবং আগামী বাজেটে এর পরিধি বাড়ানো হবে বলেও জানান তিনি।
নারী শিক্ষার প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, অতীতে মেয়েদের উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। ভবিষ্যতে স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনঃখনন, তরুণদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিত করা গেলে শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা সম্ভব হবে।
সমাবেশে উপস্থিত সবাইকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত একযোগে কাজ করলে দেশকে বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ অবস্থানে নেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক। উপস্থিত ছিলেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হক দুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়াসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে বিকেলে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট এলাকায় বিশ্ব খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি। সবশেষে চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ, প্রধানমন্ত্রীর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, দেওয়ান শফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরীসহ অন্যরা।