ঢাকা সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

চবিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চবিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ব্যাংকিং সেক্টরে তরুণদের ক্যারিয়ার গঠন এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘এমপাওয়ারিং ইয়ুথ: এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং সিজন ২.০’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মে) সকাল ১১টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে চবি অর্থনীতি বিভাগের ‘ইয়ং ইকোনমিস্টস' সোসাইটি (ইয়েস)’ এর আয়োজনে এবং প্রাইম ব্যাংক পিএলসি-এর সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, আমরা এখন বিশ্বগ্রামে বাস করছি। বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি যে অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে আমাদেরও সেই গতিতে এগিয়ে যেতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে যোগ্য ও দক্ষ জনবল গড়ে তুলতে না পারলে জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়বো।

তিনি বলেন, বাংলাদেশে ব্যাংকিং খাতের অবস্থা খুবই নাজুক। দক্ষ, যোগ্য এবং নৈতিকতা সম্পন্ন জনবল গঠনের মাধ্যমেই এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব।

উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি এমন সুন্দর এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার সহায়ক আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমানে সময়ে দক্ষ জনশক্তির খুবই প্রয়োজন। ব্যাংকিং খাতে দক্ষ লোকবল তৈরিতে আজকের আয়োজন দারুণভাবে অবদান রাখবে।

এছাড়া বক্তারা শিক্ষার্থীদের ব্যাংকিং খাতের আধুনিক চ্যালেঞ্জ ও অপার সম্ভাবনার কথা তুলে ধরে ক্যারিয়ার গঠনে নানামুখী দিকনির্দেশনা দেন। সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একটি কর্পোরেট ভিডিও প্রদর্শনী করা হয়।

ইয়েস-এর সভাপতি রাহনুমা রাহমান নিকিতার সভাপতিত্বে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কি-নোট স্পিকার ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, স্কুল ব্যাংকিং, কনজিউমার অ্যান্ড এসএমই ব্যাংকিং ডিভিশন এম এম মাহবুব হাসান। তিনি আধুনিক ব্যাংকিং ব্যবস্থা ও তরুণদের সম্পৃক্ততার ওপর বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক পিএলসি-এর চটগ্রাম অঞ্চলের এসভিপি ও আঞ্চলিক প্রধান মীর সরকার মেহেদী রেজা।

সেমিনারের অন্যতম প্রধান আকর্ষণ ছিল কর্পোরেট জগতের জন্য উপযোগী ‘অ্যাডভান্সড সিভি রাইটিং’ কর্মশালা। এই সেশনটি পরিচালনা করেন এইচআর পারসেপশন (HR Perception)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সিভি রাইটিং বিশেষজ্ঞ জনাব সিরাজ উদ্দিন চৌধুরী রুবেল। তিনি শিক্ষার্থীদের একটি মানসম্মত ও পেশাদার সিভি তৈরির খুঁটিনাটি কৌশল হাতে-কলমে শিখিয়ে দেন।

অনুষ্ঠানের শেষ অংশে ইয়ং ইকোনমিস্টস’ সোসাইটি (ইয়েস) এর সাধারণ সম্পাদক শাহ মুসা আল কাজিম সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন শ্রেয়া মাহবুব, জুলকার নাইন প্রান্ত, সৈয়দা সাইমা ও জারিফ হাসান শাফিন।

কর্মশালায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, আমন্ত্রিত অতিথি, ইয়েস-এর নেতৃবৃন্দ ও সদস্যরা, শিক্ষার্থী এবং প্রাইম ব্যাংকের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

চবি,এমপাওয়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং,সেমিনার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত