ঢাকা সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

যৌতুক প্রতিরোধ আন্দোলনের নেতা ট্রাকের ধাক্কায় নিহত

যৌতুক প্রতিরোধ আন্দোলনের নেতা ট্রাকের ধাক্কায় নিহত

যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশের যুগ্ম সম্পাদক মাওলানা বেলাল হোসাইন ফতেহপুরী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও দুই সন্তান গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৮ মে) দুপুরে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা বেলাল হোসাইন ফতেহপুরী (৫৫) সেনবাগ উপজেলার ফতেহপুর গ্রামের বরকান্দাজ বাড়ির মৃত মুগবুল আহমেদের ছেলে। তিনি ফতেহপুর ইসলামিয়া মাদরাসার প্রধানশিক্ষক ও মুহতামিম ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে চৌমুহনীর হলি কেয়ার হাসপাতালে চিকিৎসক দেখিয়ে বের হন বেলাল ফতেহপুরী। পরে নোয়াখালী-ফেনী মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেলাল ফতেহপুরীর মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) আদিল আকবর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা পথচারী ছিলেন। ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব লায়ন জাহাঙ্গীর আলম মানিক এক শোক বাণীতে বেলাল ফতেহপুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং তার শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানান।

এছাড়া নোয়াখালী সাংবাদিক ফোরাম সভাপতি মানিক ভূঁইয়া-সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

যৌতুক প্রতিরোধ আন্দোলন,ট্রাকের ধাক্কা,নিহত,নোয়াখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত