ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

বোয়ালখালীতে ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে কামারের দোকান

বোয়ালখালীতে ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে কামারের দোকান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেষ মুহূর্তে জমে উঠেছে বোয়ালখালীর কামারের দোকানগুলো। সোমবার (২৬ মে) উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন হাট-বাজারে অবস্থিত কামারের দোকানগুলোতে দা, বটি, ছুরি ও ধামা ধার দেওয়ার টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে চারপাশ।

উপজেলা ও পৌর এলাকার গোমদণ্ডী ফুলতল, শাকপুরা চৌমুহনী, জমাদারহাট, মুরাদ মুন্সিরঘাট, কালাইয়ারহাট ও নুরুল্লা মুন্সিরহাট এলাকার কামারের দোকান ঘুরে দেখা যায় এ ব্যস্ততা।

এ সময় দোকানগুলোতে কোরবানির জন্য আনা মরিচাধরা দা, ছুরি, ধামা ও বটি শান দিয়ে ঝকঝকে করে রাখার দৃশ্য দেখা গেছে।

অনেক দোকানে কোরবানিদাতাদের নিজেদের দেওয়া দা-ছুরিও সংগ্রহ করতে দেখা যায়। সব মিলিয়ে কামারের দোকানগুলোতে কর্মব্যস্ত সময় পার করছেন কামারীরা।

অনেক কামারের দোকানে সারা বছর ২-১ জন শ্রমিক কাজ করলেও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে।

পৌর এলাকার গোমদণ্ডী ফুলতলের পশ্চিম পাশে অবস্থিত দুলাল দাশের দোকানে আসা এক কোরবানিদাতা পরিবারের সদস্য মো. জসিম উদ্দিন এ প্রতিবেদককে জানান, “প্রতি বছরের মতো এবারও পশু কোরবানি করবো। তাই পুরোনো দা, ছুরি, বটি ও ধামাগুলো শান দিয়ে নিলাম।”

কামার দোকানদার দুলাল দাশ বলেন, “কাজের চাপ বেশি, কিন্তু যুগ অনুযায়ী উপযুক্ত দাম নিতে পারছি না। অন্যদিকে শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় অন্যান্য বছরের মতো তেমন লাভবান হওয়া যাচ্ছে না। তবুও এলাকার চাহিদা মিটিয়ে কোনোভাবে চলছি।”

কামারের দোকান,জমে উঠেছে,বোয়ালখালী,ঈদুল আজহা উপলক্ষে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত