
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ায় মিনি ঈগল বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টার দিকে পটিয়া উপজেলার ভেল্লাপাড়া সেতুর পশ্চিম অংশের ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে তিনজন এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন— পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের দুলা মিয়ার বাড়ির মো. ইউসুফ (৫৩), আশিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খন্দকার বাড়ির মৃত আবদুল মোমিনের ছেলে এমদাদুল ইসলাম রুবেল (২৭), পটিয়া পৌরসভার গোবিন্দারখিল এলাকার বাদশা মিয়ার ছেলে হারুনুর রশিদ (৫১) এবং কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের সজিব হোসেন (২৬)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, বৃহস্পতিবার রাতেই দুর্ঘটনায় আহতদের চমেক হাসপাতালে নেওয়া হলে তিনজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। আহত কয়েকজনের অবস্থা এখনো সংকটাপন্ন।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে পটিয়া উপজেলার ভেল্লাপাড়া সেতুর পশ্চিম অংশের ক্রসিং এলাকায় ঈগল পরিবহনের একটি বাস ও যাত্রীবাহী লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।