
চাঁদপুর সরকারি কলেজের এইচএসসি ২০১৩ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে এ আয়োজন সম্পন্ন হয়।
আয়োজকদের পক্ষ থেকে ব্যাচের শিক্ষার্থী জুয়েল জানান, সকালে শহরের সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীরা একত্রিত হন। নাস্তা ও টি-শার্ট বিতরণের পর প্রীতি ক্রিকেট ম্যাচ শুরু হয়। খেলায় সদর ও সদরের বাইরের শিক্ষার্থীদের নিয়ে ১১ সদস্যের দুটি ইউনিফর্মধারী দল গঠন করা হয়।
টস জিতে ব্যাটিংয়ে নেমে সদরের বাইরের দল নির্ধারিত ১৪ ওভারের আগেই সবকটি উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। দলের অতিথি খেলোয়াড় অমরেশ দত্ত জয় ৮টি ছক্কা ও ২টি চারের সাহায্যে সর্বোচ্চ ৫৯ রান করেন। জবাবে প্রতিপক্ষ দল ১৪ ওভারে ১২০ রান সংগ্রহ করলে ৭ রানের জয় পায় সদরের বাইরের দল।
খেলা শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে অমরেশ দত্ত জয়কে পুরস্কৃত করা হয়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের রাহুল। তিনি ব্যাট হাতে ২১ রান করার পাশাপাশি ৪ ওভার বল করে ৩ উইকেট শিকার করেন। এছাড়া ৪ ওভারে ৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের পুরস্কার পান পরাজিত দলের খেলোয়াড় পারভেজ।
আয়োজক জিসান জানান, খেলা শেষে অংশগ্রহণকারীরা গোসল সেরে কলেজ মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে পুরস্কার বিতরণ, অংশগ্রহণ সম্মাননা স্মারক প্রদান ও ফটোসেশন অনুষ্ঠিত হয়। এরপর লঞ্চঘাট এলাকার মোহনা ক্যাফে রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজে অংশ নেন সবাই।
পরে শিক্ষার্থীরা বড় স্টেশন মোলহেডে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন। সেখান থেকে ডাকাতিয়া নদীতে নৌবিলাসে অংশ নিয়ে নৌকাভ্রমণ করেন। পাশাপাশি স্থানীয় একটি মেলায় বক্সিং, টার্গেট বুলেটসহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। চা-আড্ডা শেষে নৌকায় করে পুনরায় মোলহেডে ফিরে এ আয়োজনের সমাপ্তি ঘটে।
আয়োজক নাজমুল বলেন, “অনেক দিন পর বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলা, আড্ডা, ফটোসেশন ও খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে যেন পুরোনো দিনে ফিরে গিয়েছিলাম। সবার আন্তরিক সহযোগিতার কারণেই এত সুন্দর ও গুছালো আয়োজন সফল হয়েছে। ভবিষ্যতেও এমন মিলনমেলার আয়োজন অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।”
এ সময় চাঁদপুর সরকারি কলেজের এইচএসসি ২০১৩ ব্যাচের বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।