
চট্টগ্রামের পটিয়ায় শ্রীমতি খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেকেরপাড়া এলাকার ঠেগরপুনি মন্দিরের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে এলাকাবাসী শ্রীমতি খালে একটি লাশ ভাসতে দেখে পটিয়া থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে খালে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। পরে জোয়ারের পানির স্রোতে লাশটি ভেসে এসে ভাটিখাইনের শ্রীমতি খালে পৌঁছায়। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, লাশ উদ্ধারের পর পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। বিষয়টির রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত না হলে আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।