
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর বাজারে ইসলামী ব্যাংকের গোপালপুর এজেন্ট শাখার গ্রাহকদের আমানতের টাকা ফেরতের দাবিতে দুই দফা মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ও সোমবার ভুক্তভোগী গ্রাহক এবং সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক গ্রাহক অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের কষ্টার্জিত সঞ্চয়ের অর্থ দ্রুত ফেরত দেওয়ার দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের গোপালপুর এজেন্ট শাখার মালিক ইশফাক ইয়াছিন গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে রয়েছেন। ফলে অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে চরম সংকটের মুখে পড়েছে। তারা গ্রাহকদের জমাকৃত অর্থ দ্রুত উদ্ধারের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, ঘটনাটিকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। তারা এ ধরনের উদ্যোগের নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানান।
পরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ভুক্তভোগীরা তাদের দুর্ভোগের কথা তুলে ধরে প্রশাসন, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা দাস, ইউনিয়ন আমির মাস্টার আবু তাহের বিএসসি, ইউনিয়ন সেক্রেটারি প্রফেসর আবদুল আউয়াল খান, সহ-সেক্রেটারি ডা. মাহবুব, নুর উদ্দিন, সহ-সভাপতি আলা উদ্দিন মামুন এবং ঢাকাস্থ বেগমগঞ্জ উপজেলা ফোরামের সহ-সেক্রেটারি ইঞ্জিনিয়ার নুর নবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।