
রাঙ্গামাটি কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চোলাই মদসহ বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন এক মাদক কারবারি, সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি এবং পলাতক এজাহারভুক্ত আসামি।
বুধবার (১০ জুন) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে মানিকছড়ি বিসিক শিল্পনগরী এলাকা থেকে চিকন চান চাকমা (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মৃত চিত্র মনি চাকমা ও নিরকা দেবী চাকমার ছেলে। তার কাছ থেকে ১৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ ধারায় মামলা (মামলা নং-০৭, তারিখ: ১০/০৬/২০২৬) দায়ের করা হয়েছে।
এছাড়া সিআর-১৯১/২১ মামলায় দণ্ডবিধির ৪২০ ধারায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মো. সাহাব উদ্দীন ওরফে শাহাব উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আবদুল আলীমের ছেলে এবং তবলছড়ি নিচের বাজার এলাকার বাসিন্দা।
একই অভিযানে পুরাতন হাসপাতাল এলাকার বাসিন্দা শুভ দত্ত (২৮) এবং রিজার্ভ বাজার মহসিন কলোনির বাসিন্দা মো. হৃদয়কে (২৭) গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।