ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

হাজীগঞ্জ বাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

হাজীগঞ্জ বাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ফুটপাত দখলমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ফুটপাত দখল ও বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৫ জুন) দুপুরে হাজীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন।

এ সময় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান, হাজীগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী সম্রাট, পৌরসভা ছাত্রদলের সাবেক সদস্যসচিব দ্বীন ইসলাম টগর, পৌরসভা শ্রমিক দলের সদস্যসচিব মো. সোহেল রানা সোহেলসহ নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।

অভিযান চলাকালে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ফুটপাত ও সড়কের ওপর স্থাপিত অবৈধ স্থাপনা এবং হকারদের উচ্ছেদ করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন বাজারের ব্যবসায়ী ও হকারদের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, “আগামীকাল থেকে যদি কোনো হকার সড়ক বা ফুটপাত দখল করে বসে, তাহলে সংশ্লিষ্ট দোকানদার কিংবা যার দোকানের সামনে হকার বসবে, তার বিরুদ্ধে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। পাশাপাশি ফুটপাত দখলকারীদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, হাজীগঞ্জ বাজারকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। বাজারের শৃঙ্খলা রক্ষায় ব্যবসায়ী ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাজারের সাধারণ ব্যবসায়ী ও ক্রেতারা। তারা মনে করেন, নিয়মিত অভিযান পরিচালিত হলে হাজীগঞ্জ বাজারে যানজট কমবে এবং পথচারীদের চলাচল আরও সহজ হবে।

৩ প্রতিষ্ঠানকে জরিমানা,অভিযান,ফুটপাত দখলমুক্ত,হাজীগঞ্জ বাজার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত