ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

হাজীগঞ্জে ১২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

হাজীগঞ্জে ১২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাহবুব আলম বাবলু (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৭ জুন) রাতে হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ স্টেশন রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার দিকনির্দেশনায় এসআই মো. নুরুল ইসলাম, এএসআই মো. মোস্তফা মাজেদ বিন রশিদ, এএসআই কার্তিক চন্দ্র নাথ এবং কনস্টেবল মো. সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল পৌর এলাকায় মাদক উদ্ধার অভিযানে নামে।

অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৯টায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ স্টেশন রোডে মুড়ির মিলের উত্তর পাশে আরফাত ফার্নিচারের দোকানের সামনে অভিযান চালায় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে মাহবুব আলম বাবলুর দেখানো ও তথ্য অনুযায়ী ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বাবলু মকিমাবাদ এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১৯(ক)/৪১ ধারায় থানায় একটি মামলা (মামলা নং-১৯) দায়ের করা হয়েছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান বলেন, গ্রেফতার হওয়া মাদক কারবারি বাবলুকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদকসহ সব ধরনের অপরাধ নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতার,মাদক কারবারি,১২০০ গ্রাম গাঁজা,হাজীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত