
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনী গ্রামের অপহৃত দুই শিশু শিক্ষার্থী এখনও উদ্ধার হয়নি। এতে শিশু দুটির পরিবার হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। তবে এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে।
এনায়েতপুর থানার ওসি জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই গ্রামের শামিমের ছেলে আব্দুল্লাহ (১১) এবং একই গ্রামের রাজ্জাকের ছেলে আফসার আলী (১১) গত ১১ জুন বিকেলে খুকনী রহমতখোলা এলাকা থেকে অপহৃত হয়। তারা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। পরে এনায়েতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির সূত্র ধরে পুলিশ বিশেষ তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে ১৩ জুন সকালে একই এলাকার কিশোর রাকিব ও রাহিমকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ১৩ জুন শামিম বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচজনের বিরুদ্ধে এনায়েতপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানায়, মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে। তবে এখনো অপহৃত দুই শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ওসি জাহিদ হোসেন জানান, আগামী দুই থেকে চার দিনের মধ্যে অপহৃত শিশুদের উদ্ধার করা সম্ভব হতে পারে বলে তারা আশাবাদী।
এদিকে অপহরণের ঘটনার আট দিন পার হলেও শিশু দুটিকে উদ্ধার করা না যাওয়ায় তাদের পরিবার চরম হতাশার মধ্যে রয়েছে। পাশাপাশি এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।