
যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কোনাবাড়ী মফিজ মোড় এলাকা থেকে স্কুলছাত্রী নববধূ মুক্তা খাতুনের (১৪) মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামের আলতাফ হোসেনের মেয়ে এবং স্থানীয় হাইস্কুলের ৯ম শ্রেণির ছাত্রী।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রায় ১৫ দিন আগে ওই স্কুলছাত্রীর বিয়ে হয়েছিল। তবে বাবার বাড়ি থেকে রোববার সন্ধ্যায় সিরাজগঞ্জের কড্ডা মোড় এলাকায় তার প্রেমিকের সঙ্গে চলে যায়। পরদিন সোমবার সকালে উল্লেখিত এলাকায় স্থানীয়রা তার মাথা থেঁতলানো মরদেহ দেখতে পায়।
পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় ঘটনাস্থল থেকে তার লাল রঙের একটি শাড়ি উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করার পর মাথা থেঁতলে মৃত্যু নিশ্চিত করা হয়।
বিকেলে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ও পদস্থ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যেই ঘটনার বিশেষ তদন্ত শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।