
মাদক ব্যবসা বন্ধের দাবিতে সাতক্ষীরা পৌরসভার গড়েরকান্দার মাদক ব্যবসায়ী আনজুয়ারা এবং ইটাগাছা পূর্বপাড়ার মাহফুজার বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তিন দিনের মধ্যে মাদক ব্যবসা বন্ধ না করলে বাড়িঘর ভেঙে উচ্ছেদ করে দেওয়ার হুঁশিয়ারি দেন এলাকাবাসী।
শুক্রবার (৩ জুলাই) বাদ জুম্মা গড়েরকান্দা-ইটাগাছা সম্মিলিত জামে মসজিদ কমিটির নেতৃত্বে এলাকাবাসী এ আল্টিমেটাম দেয়।
এ সময় মাদক ব্যবসায়ী আনজুয়ার মাদক ব্যবসা বন্ধসহ তিন দিনের মধ্যে এলাকা ছাড়ার ঘোষণা দেওয়া হয়। ইটাগাছা পূর্বপাড়া এলাকার মাদক ব্যবসায়ী মাহফুজা খাতুনও একই অঙ্গীকার করেন।
বিক্ষোভ চলাকালে জামিরুল নামের এক মাদকসেবী মাদক ক্রয় করতে আসলে উপস্থিত এলাকাবাসী তাকে উত্তম-মাধ্যম দিয়ে এলাকা ছাড়া করে।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, মৎস্যজীবী দল নেতা রাজু, ব্যবসায়ী শহিদুল ইসলাম, অহিদুজ্জামান, জামায়াত নেতা আফসার আলী, মাহফিজুল ইসলাম, গড়েরকান্দা মৃত্যু ফান্ডের সভাপতি বেলাল হোসেন-সহ অন্যরা।
পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, ইতিপূর্বে একাধিকবার তাদের সতর্ক করা হলেও মাদক ব্যবসা বন্ধ হয়নি। উল্টো মাদক ব্যবসার প্রসার বাড়িয়ে এলাকার পরিবেশ নষ্ট করা হচ্ছিল। প্রশাসনের কাছে বারবার অভিযোগ দিলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
ফলে এলাকায় চুরি-ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। যে কারণে এলাকাবাসী মসজিদ কমিটির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
মাদক ব্যবসা বন্ধ করে এলাকা না ছাড়লে তাদের বাড়িঘর ভেঙে উচ্ছেদ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।