
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে আকরাম সরকার (২১) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মারুফ বিন হাবিব (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
এ নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার বিকেলে স্থানীয় এক ব্যক্তি বাড়ি থেকে আকরামকে ডেকে নিয়ে যান। পরে সন্ধ্যায় গয়হাট্টা এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।
পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে আকরামের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই রাতেই এলাকায় অভিযান চালিয়ে মারুফ বিন হাবিবকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরের দিকে নিহতের মরদেহ সিরাজগঞ্জ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ইতিমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। মামলার তদন্ত ও হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু হয়েছে বলে জানান ওসি।