
টাঙ্গাইলে এক নারীকে ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াছ মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন— ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কামারিয়া গ্রামের মৃত মুকছেদ আলীর ছেলে শফিকুল ইসলাম শফি এবং ময়েজ উদ্দিনের ছেলে সামছুল হক সামছু।
আসামি দুজনকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অপর আসামি আব্দুর রহিমকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আব্দুর রহিম জামালপুর জেলার সদর উপজেলার কটার বাড়ি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) ওমরাও খান দীপু জানান, জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ গ্রামের এক নারীকে দণ্ডিতরা ২০২৩ সালের ২২ জুন টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের দোখলা এলাকার ইয়াদ আলীর চালা নামক স্থানে বনের ভেতরে একটি টং মেশিন ঘরে নিয়ে রাতভর ধর্ষণ করে। পরে ওই নারী বাদী হয়ে ঘটনার চার দিন পর, ২৬ জুন, মধুপুর থানায় মামলা দায়ের করেন।
মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার আদালতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। আদালত ২০২৩ সালের ২৪ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
রায় ঘোষণার পর তিন আসামিকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) ওমরাও খান দীপু। আসামিপক্ষে ছিলেন শাহান শাহ সিদ্দিকী।