
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজারে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা প্রায় দুই মণ পচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহান এ অভিযান পরিচালনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে এম তানজির নাঈম।
অভিযানে জাকির কসাইয়ের দোকানে পচা গরুর মাংস বিক্রির সত্যতা পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত জাকির কসাইকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি দোকান থেকে উদ্ধার করা প্রায় দুই মণ পচা মাংস জব্দ করে তা মাটিতে পুঁতে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান, গোপন সূত্রে পচা মাংস বিক্রির খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।
অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে জব্দ করা পচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।