ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

উখিয়া সীমান্তে দুই পাচারকারী গ্রেপ্তার, উদ্ধার ১২ লাখ টাকা

উখিয়া সীমান্তে দুই পাচারকারী গ্রেপ্তার, উদ্ধার ১২ লাখ টাকা

মিয়ানমারে সার ও তেল পাচার করে ফেরার পথে কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত থেকে দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে নগদ ১২ লাখ টাকা উদ্ধার করা হয়।

রোববার (১২ জুলাই) বেলা ১২টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গোইল্যাখালী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম।

আটক ব্যক্তিরা হলেন, উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আমির হোসেনের ছেলে লোকমান হাকিম (২৫) এবং পালংখালী বটতলী এলাকার বাসিন্দা আজিম উদ্দিনের ছেলে আবছার উদ্দিন (২৮)।

লে. কর্নেল জহিরুল ইসলাম জানান, অধিক লাভের আশায় আটক ব্যক্তিরা মিয়ানমারে সার ও তেল পাচার করে ফিরছিলেন। এ সময় পালংখালী সীমান্তে দায়িত্বরত বিজিবির টহল দল তাদের তল্লাশি চালিয়ে নগদ ১২ লাখ টাকা উদ্ধার করে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে সার, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য মিয়ানমারে অবৈধভাবে পাচার করে আসছিলেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানা-এ হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার ১২ লাখ টাকা,২ পাচারকারী গ্রেপ্তার,উখিয়া সীমান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত