ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান জানালেন বিএনপি নেতা বুলু

রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান জানালেন বিএনপি নেতা বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যা বুলু নোয়াখালীতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রশংসার পাশাপাশি ২০০৯ সালে দলটির রাজনৈতিক ভুলেরও সমালোচনা করেছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও আহতদের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান।

বরকত উল্যা বুলু বলেন, “জামায়াতের আমিরের সঙ্গে সৌদি আরবে হজ পালনকালে আমার দেখা ও কথা হয়েছে। আমিরের ভালো কাজের প্রশংসা করা এক বিষয়। তবে ২০০৯ সালে জামায়াতে ইসলামীর রাজনৈতিক ভুলের কারণেই আওয়ামী লীগ টানা ১৭ বছর ফ্যাসিবাদী শাসন কায়েমের সুযোগ পেয়েছে।”

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশকে স্বাভাবিক রাজনৈতিক ধারায় ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দেশবাসী যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। একইভাবে ২০২৪ সালে সেনাবাহিনী আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় জুলাই আন্দোলন সফল হয়েছে।

তিনি সেনাবাহিনীর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের অযথা সমালোচনা করা ঠিক হবে না।

অনুষ্ঠানে ১৬ জুলাইয়ের শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আহতদের মাঝে অনুদান বিতরণ করা হয়।

এ সময় জেলা বিএনপির সদস্য ও জুলাই আন্দোলনের আহত যোদ্ধা শরীফ ওসমান সানিয়াতের মা শামীম বরকত লাকী, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মো. মহসিন, বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু জায়েদ, সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূঁইয়া, জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

অপরদিকে, বিকেলে বরকত উল্যা বুলু চৌমুহনী বড় জামে মসজিদের নবনির্মিত লিফটের ফিতা কেটে উদ্বোধন করেন। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় চৌমুহনী বড় জামে মসজিদের ইমাম শফিউল্লাহ, মুয়াজ্জিন জাকির হোসেন, বাজার সাধারণ ব্যবসায়ী সমিতির আবুল খায়ের, জামে মসজিদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মাহফুজুল হক আবেদ, ব্যবসায়ী নাসিমুল গনি মহল, নাজমুল গনি মান্না, মাওলানা ইউছুফ, মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা বুলু,ঐক্যের আহ্বান,রাজনৈতিক দল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত