ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বন্যা প্রতিরোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা প্রতিরোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ সরকার নানা পরিকল্পনা নিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকারের রাজনীতির মূল লক্ষ্যই হলো মানুষের কল্যাণ নিশ্চিত করা। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের যেকোনো বিপদ-আপদে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার।

‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ’— এই নীতিকে সামনে রেখেই সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের উপকূলীয় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত পরিবার নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশুপালকদের জন্যও সরকার সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে। যাদের বীজতলা, চারা বা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতির জরিপ করে তাদেরও সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়কসহ সব ধরনের অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

সরকার সবসময় দেশের মানুষের পাশে থাকবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেট রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন, যাতে পানি নিষ্কাশনের সময় যথাসময়ে স্লুইসগেট খুলে দেওয়া যায়।

তিনি বলেন, বন্যা প্রতিরোধে কোনো মহৌষধ আবিষ্কার করা যায়নি। নদী ও সমুদ্র উপকূলে বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থাকবেই।

কক্সবাজারের বিভিন্ন উপজেলায় শক্তিশালী ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং পানি নিষ্কাশনের জন্য স্লুইসগেট স্থাপন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করে বলেন, সরকার জনবান্ধব ও দরিদ্রবান্ধব নীতি অনুসরণ করছে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রায় অতিরিক্ত চাপ সৃষ্টি না হয় এবং সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়।

অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং বিতরণের জন্য রাখা সামগ্রী পরিদর্শন করেন।

পরে তিনি পেকুয়া উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

প্রসঙ্গত, শুক্রবার (১৭ জুলাই) সকালে দুই দিনের সফরে নিজের জন্মভূমি কক্সবাজারে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

দুই দিনের এই সফরের প্রথম দিনে তিনি চকরিয়া উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। শনিবার রাতে তার কক্সবাজার থেকে ফিরে যাওয়ার কথা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী,সরকার,দীর্ঘমেয়াদি পরিকল্পনা,বন্যা প্রতিরোধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত