
চাঁদপুর শহরের একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী বাঘ শাহজাহান ও দুই নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা সড়কে শহীদ মিনারের সামনে একটি চারতলা ভবনের ফ্ল্যাট বাসায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির এসআই জিয়াউল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে জামতলা এলাকার ফজলুল হক ব্যাপারীর ছেলে বাঘ শাহজাহান, হাসনা ও মিথিলা নামে দুই নারীকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে ইয়াবা বিক্রি, সেবন এবং অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ফ্ল্যাটের বিভিন্ন কক্ষ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ বিষয়ে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মজিবুর রহমান জানান, পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে ফ্ল্যাটটি মাদক বিক্রি ও সেবনের কাজে ব্যবহৃত হওয়ার তথ্য পাওয়া গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।